আলুর জমিতে চলছিল চাষাবাদ। পাশে বাবার সঙ্গেই ছিল তিন বছরের ছোট্ট সোহাগী। হঠাৎ ধানক্ষেত থেকে বেরিয়ে এল দুটি শিয়াল। ভয় পেয়ে বাবার কাছে ছুটে যেতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাবার চালানো চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ হারাল শিশুটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। বাবার সঙ্গে মাঠে যাওয়ার বায়না ধরায় মেয়েকেও সঙ্গে নিয়ে যান তিনি। জমি চাষের সময় সোহাগীকে ক্ষেতের আইলে রাখা হয়েছিল।
একপর্যায়ে পাশের ধানক্ষেত থেকে দুটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। আদরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন বাবা-মা ও পরিবারের সদস্যরা। শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.