ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে চার জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেক জেলেকে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। অভিযানে পাঁচ জেলেকে আটক করা হলেও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ওইসব জেলেদের আটক করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক ৪ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আটক অপর জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে মো. শামীম (১৯), আব্দুল মজিদের ছেলে মো. ইমরান মৃধা (২৩), আনোয়ার হোসেনের ছেলে মো. রাশেদ (২০) এবং হযরত আলীর ছেলে মো. মোর্শেদ (২৪)।
এছাড়া অভিযানকালে বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ ও প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি। কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকারে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.