ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন দুজন। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে অভিযোগ তুলতে কোনো কৃপণতা করেননি ওয়েইন রুনি। পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রোনালদোর চলে যাওয়া এবং এরপর প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ইংল্যান্ডের সাবেক এই তারকা। তার মতে, রোনালদো শুধু কোচ কিংবা সতীর্থদেরই নয়, অসম্মান করেছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনকেও।
পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর দীর্ঘ বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন রোনালদো। কোচের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলার পাশাপাশি নিজের আচরণের জন্য ক্ষমাও চান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। তবে তাতে বিতর্ক থামেনি। এবার সেই ঘটনায় সাবেক সতীর্থের সিদ্ধান্ত ও আচরণ নিয়ে প্রশ্ন তুললেন রুনি।
‘স্টিক টু ইউনাইটেড’ অনুষ্ঠানে রোনালদোর প্রসঙ্গে তিনি বলেন, ‘রোনালদোকে নিয়ে আমার প্রশ্ন একটাই, কেন? সত্যি বলতে, সে এত বড় একজন খেলোয়াড় বলেই প্রশ্নটা আরও বেশি করে আসছে। এভাবে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়া, তারপর ওই বিবৃতি প্রকাশ করা… আমার দৃষ্টিতে প্রতিটি দিক থেকেই কাজটি ভুল হয়েছে।’
রুনির আপত্তি কেবল রোনালদোর ক্যাম্প ছেড়ে যাওয়া নিয়ে নয়, পুরো পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তা নিয়েও। এতে কোচের কর্তৃত্ব যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি দলের অন্য সদস্যরাও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘সে যেভাবে নিজের কোচ ও সতীর্থদের কর্তৃত্ব ও অবস্থানকে খাটো করেছে, সেটি খুবই ভুল ছিল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনকেও সে খাটো করেছে। ফুটবলের দৃষ্টিকোণ থেকে, একজন সতীর্থ হিসেবে, এমনকি একজন কোচের দৃষ্টিতেও পুরো ব্যাপারটিই ভুল।’
রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়টা যেভাবে এগোচ্ছে, সেটিও হতাশ করছে রুনিকে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির আবেগঘন বিদায়ের সঙ্গে রোনালদোর পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, ‘এটা দুঃখজনক। প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমন একটা সময় আসে, যখন তাকে আন্তর্জাতিক ফুটবল ছাড়তে হয়, খেলা থেকে অবসর নিতে হয়। সবার ক্ষেত্রেই এমনটা ঘটে। দুর্ভাগ্যজনকভাবে, সে বিষয়টি ভালোভাবে সামলাতে পারছে না। আর সেটা দেখাও অস্বস্তিকর।’
বিতর্কের সূত্রপাত পর্তুগাল দলের নরওয়ে সফরে। রোনালদোর দাবি, অসলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ হোর্হে জেসুস। সেই অনুযায়ী ম্যাচের আগের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.