গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা হলুদ রঙের বোতলসদৃশ একটি বস্তু কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৩) নামে এক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত নূর মোহাম্মদকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। অজ্ঞাত বস্তুটির উৎস জানতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কথা জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কলা ব্যবসায়ী ফজলুল হক বলেন, তিনি প্রতিদিন রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের সাঁটিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে কলা বিক্রি করেন। শুক্রবার রোদের কারণে তিনি সড়কের দক্ষিণ পাশে অবস্থান করছিলেন। এ সময় নূর মোহাম্মদ বালুর স্তূপের পাশ থেকে হলুদ রঙের একটি বোতল কুড়িয়ে এনে সবাইকে দেখাচ্ছিলেন। তিনিও বোতলটি হাতে নিয়ে দেখেন। কিছুক্ষণ পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নূর মোহাম্মদের হাতের আঙুল ঝলসে যায়। বালুর মালিক সিদ্দিক বলেন, তাঁর রাখা বালুর পাশ থেকে বোতলটি কুড়িয়ে এনেছিলেন নূর মোহাম্মদ। বোতলটির মুখ খোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নূর মোহাম্মদের হাত ঝলসে যেতে দেখেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুর জেলা যুবদলের নেতা আলী হোসেন বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান। ঘটনার সঠিক তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া বোতলসদৃশ বস্তুটির মুখ খোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নূর মোহাম্মদ আহত হন। বস্তুটি কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে এল, তা অনুসন্ধান করে দেখা হবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.