সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয় দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে। হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের মনসুর হোসেনের পুত্র। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাঁর স্বামী আনোয়ার হোসেন পেশায় একজন মাইক্রোবাস চালক।
গত ১০ অক্টোবর হাইল শহরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে তাঁকে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের মৃত্যুর খবর রবিবার সকালে দেশে জানাজানি হওয়ার পর তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্ত্রী জেসমিন বেগম অসহায় হয়ে পড়েছেন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচি জানানো হবে বলেও জানান নিহতের স্ত্রী জেসমিন বেগম।
জেসমিন বেগম বলেন, আমাদের পরিবারের এখন একটাই দাবি, মৃতদেহ যেন সন্তানরা দেখতে পারে। দ্রুততম সময়ের মধ্যে তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ও সৌদি সরকারের দৃষ্টি কামনা করছি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.