স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর বিষয়ে খুব দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (১৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইআরএফ-এর যৌথ সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তুতিকাল বৃদ্ধির বিষয়ে এখন একটি সর্বসম্মত অবস্থান তৈরি হয়েছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এবং ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষই একমত যে, টেকসই উত্তরণের স্বার্থে বাংলাদেশের এই অতিরিক্ত তিন বছর সময় পাওয়া যৌক্তিক।
তিনি আরও জানান, নভেম্বরের ২৪ তারিখ চূড়ান্ত সময়সীমা হলেও অক্টোবরের মধ্যেই এই প্রক্রিয়ার ইতিবাচক সমাধান হবে। অতিরিক্ত ৩ বছর সময় পেলে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, সে বিষয়ে ইতোমধ্যেই একটি অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য ঝুঁকি কমাতে সরকার ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ বা মসৃণ উত্তরণ কৌশল নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ কোরিয়া, ইউএই, ওমান, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.