২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কোনো মহল যেন বিতর্কিত করার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অতীতে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হলেও দেশের মানুষ তা ভালো চোখে দেখেনি।
ঠিক একইভাবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানকে বিতর্কিত করার যে কোনো চক্রান্ত প্রতিহত করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা-রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সব ধর্মের ও মতের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। ঠিক তেমনি সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ঘাড় থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে।
এ দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির ধারা আগামীতেও বজায় রাখতে হবে। সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন তাদের নয়, বরং যারা ভোট দেননি তাদেরও সরকার হিসেবে কাজ করতে চায়। পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনে জনগণের অংশগ্রহণে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন জ্যেষ্ঠ নেতা এবং মন্ত্রিসভার সদস্যগণ। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মন্দিরের উন্নয়নকাজে ব্যবহারের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.