ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ব্যাটারিচালিত ইজিবাইক সড়কের পাশে উল্টে পড়ে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আদিব (১০)। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)। হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে চালক, নিশাত সুলতানা ও তাঁর ছেলে আদিব গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটির মা ও ইজিবাইকচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.