সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি ট্রেডিংয়ের কাছ থেকে ছয় জাহাজ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। আন্তর্জাতিক বাজারের জেকেএম সূচকের চেয়ে কম দামে এসব এলএনজি কেনা হবে।

সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো

সিঙ্গাপুর–ভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ জাহাজ এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ছয় জাহাজ এলএনজি কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম দাম নির্ধারণ করা হয়েছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয় আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে কেনা হবে।

অন্যদিকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক জাহাজ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১০ ডলার কম নির্ধারণ করা হয়েছে।

এদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’-এর ৬৮ ধারা ও ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর ৯৯(২) বিধি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি দর–কষাকষি এবং স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিট সইয়ের প্রস্তাব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন বিভাগ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং নিয়ে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · অর্থনীতি