আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের জন্য মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসির জারি করা এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ইসির পাঠানো চিঠি থেকে জানা যায়, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচল বন্ধ থাকবে। এছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
এতে আরও বলা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক; জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন; দূরপাল্লার যানবাহন; প্রার্থী ও এজেন্টের অনুমোদিত যানবাহন; সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন; নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী; বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহন—এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
প্রয়োজনে গুরুত্বপূর্ণ সড়কেও শিথিলতা দেওয়া যাবে।
এছাড়া স্থানীয় বাস্তবতায় অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে।
