বিগত সরকার নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী

বিগত সরকার নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী

বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতীতের সরকার নিয়ে আলোচনা না করে দেশের অর্থনীতি ও উন্নয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কার্যকর হতে পারে না। অর্থনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথও সুগম হবে।

তিনি বলেন, সঠিক তথ্য ছাড়া কোনোভাবেই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সরকার তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা মূলত নিজের সঙ্গেই প্রতারণা করার শামিল।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। জনগণ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। অন্যদিকে যোগ্য ব্যক্তিরা ছিলেন বঞ্চিত। এর ফলে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।

তিনি আরও জানান, নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · অর্থনীতি