প্রযুক্তি ও উদ্ভাবনেই বাংলাদেশের প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা

প্রযুক্তি ও উদ্ভাবনেই বাংলাদেশের প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিল্পখাতের প্রতিনিধিরা। এ লক্ষ্যে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা।

এ বিষয়ে রাজধানীতে একটি সেমিনারের আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে ‘ফ্রম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার টু এআই ইকোনমি: বিল্ডিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ ইঞ্জিন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

অ্যামচেমের আইসিটি সাবকমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি অ্যামচেম ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬-এর অংশ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সেমিনারে বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ, নেপাল ও ভুটানে ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ, নেপাল ও ভুটানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, শপআপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আতাউর রহিম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক।

আলোচনায় বক্তারা বলেন, বিদ্যমান ডিজিটাল অবকাঠামোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এআইভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে হবে। এ জন্য ডিজিটাল সংযোগব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি।

সেমিনারে আর্থিক সেবা, টেলিযোগাযোগ ও ই-কমার্সসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল রূপান্তরের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

এ ছাড়া দেশের ডিজিটাল খাতকে শক্তিশালী করা, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তি ও উদ্ভাবনের অবদান বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬ অনুষ্ঠিত হয়। অ্যামচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবন তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি