পুরোনো দিনের সেই ওয়াকম্যান হেডফোন ফিরিয়ে আনল সনি, থাকছে আধুনিক সুবিধা

১৯৭৯ সালে সনির প্রথম ওয়াকম্যানের সঙ্গে ছিল বিশেষ নকশার একটি হেডফোন—এমডিআর-৩এল২। সেই পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি।

পুরোনো দিনের সেই ওয়াকম্যান হেডফোন ফিরিয়ে আনল সনি, থাকছে আধুনিক সুবিধা

আশির দশকে গান শোনার অভিজ্ঞতায় বড় পরিবর্তন এনেছিল সনির ওয়াকম্যান। ছোট আকারের এই ক্যাসেট প্লেয়ার সহজেই পকেটে বা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যেত। হেডফোন কানে লাগিয়ে নিজের পছন্দের গান শোনার সুযোগ করে দিয়েছিল যন্ত্রটি। ১৯৭৯ সালে বাজারে আসা প্রথম ওয়াকম্যানের সঙ্গে ছিল বিশেষ নকশার একটি হেডফোন, যার নাম এমডিআর-৩এল২। প্রায় ৫০ বছর পর সেই পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি। তবে এবার নাম এমডিআর-৩আর।

পুরোনো দিনের চেনা নকশা অক্ষুণ্ন রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক ইউএসবি-সি সংযোগ, মাইক্রোফোন ও রিমোট কন্ট্রোল। শুধু তা-ই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে। ব্যক্তিগতভাবে বহনযোগ্য ক্যাসেট প্লেয়ারের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই যন্ত্র। এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন। হালকা গড়নের এই হেডফোনে ছিল ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট। এর নকশায় কান পুরোপুরি ঢাকা পড়ে না।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে, এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন
১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে, এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন

নতুন এমডিআর-৩আর হেডফোনে সেই পুরোনো নকশাই ফিরিয়ে এনেছে সনি। এর হালকা গঠন ও খোলামেলা নকশা দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। সঙ্গে থাকছে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ার প্যাড বদলে নিতে পারবেন।

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ। ১৯৭৯ সালের মূল মডেলের নকশার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে এসব।

তারযুক্ত হেডফোনে ইউএসবি-সি

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ
শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ

ব্লুটুথ হেডফোনের জনপ্রিয়তার মধ্যেও তারযুক্ত হেডফোনের প্রতি আগ্রহ আবার বাড়ছে। চার্জ দেওয়ার ঝামেলা নেই, ব্লুটুথের সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়োজন নেই—তারযুক্ত হেডফোনের এই সরল ব্যবহারই অনেকের কাছে আকর্ষণীয়। নতুন এমডিআর-৩আর মডেলটি সেই সুবিধার সঙ্গে যুক্ত করেছে আধুনিক প্রযুক্তি।

এতে আছে ইউএসবি-সি সংযোগব্যবস্থা। ফলে ইউএসবি অডিও ক্লাস ১.০ সমর্থন করে, এমন স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের সঙ্গে হেডফোনটি ব্যবহার করা যাবে। তবে কিছু যন্ত্রে সংযোগের জন্য আলাদা সেটিংস পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

হেডফোনের তারে আছে ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন। এর সাহায্যে গান চালু বা বন্ধ করা এবং ফোনে কথা বলা যাবে। ফলে গান শোনার পাশাপাশি দৈনন্দিন যোগাযোগের কাজেও ব্যবহার করা যাবে হেডফোনটি।

সাউন্ডের ক্ষেত্রেও পুরোনো মডেলের সঙ্গে মিল রাখার চেষ্টা করেছে সনি। এতে ব্যবহার করা হয়েছে ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট, যা মূল এমডিআর-৩ মডেলের সমান। তবে আধুনিক শ্রোতার পছন্দের কথা বিবেচনা করে শব্দের মানে কিছুটা পরিমার্জন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণও আসছে

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি
সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি। এর নাম এমডিআর-৩আর স্ট্রেঞ্জার থিংস এডিশন।

আশির দশককে কেন্দ্র করে নির্মিত সিরিজটির আবহের সঙ্গে ওয়াকম্যানের পুরোনো নকশার বেশ মিল আছে। সিরিজটির চরিত্র ম্যাক্সের ব্যবহৃত হেডফোন এবং রহস্যময় আপসাইড ডাউন দুনিয়ার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণটি।

এতে হেডব্যান্ডে লেজার দিয়ে খোদাই করা হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’ লোগো। হেডফোনের সঙ্গে থাকছে কালো ও লাল রঙের ইয়ার প্যাড। এর প্যাকেজিংয়েও রাখা হয়েছে সিরিজটির বিশেষ নকশা।

পরিবেশের কথাও ভেবেছে সনি

নতুন হেডফোন তৈরিতে পরিবেশের বিষয়টিও বিবেচনায় নিয়েছে সনি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হেডফোনের প্লাস্টিকের প্রায় ২৫ শতাংশ পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি। এ ছাড়া পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়নি।

দাম ও প্রাপ্যতা

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণের দাম ৭৯ দশমিক ৯৯ ডলার, যা প্রায় ৯ হাজার ৮০০ টাকা। এই দাম যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারিত; অন্যান্য দেশে দাম ও প্রাপ্যতা ভিন্ন হতে পারে।

একনজরে এমডিআর-৩আর ওয়াকম্যান হেডফোন

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা
সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা

মডেল: এমডিআর-৩আর

ধরন: ওপেন-ইয়ার, তারযুক্ত হেডফোন

ড্রাইভার ইউনিট: ২৩ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার

কানেক্টিভিটি: ইউএসবি-সি

কন্ট্রোল: ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন

বিশেষ সুবিধা: নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড

সূত্র: সনি, ফোর্বস ও ইয়াহু টেক

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল