গুগল ম্যাপে দেশের বিভিন্ন স্থানের তথ্য যুক্ত ও হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ লোকাল গাইডস ১২ বছর পূর্তি এবং ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ থেকে ছয়জন এবং বিদেশে বসবাসরত তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন দল তৃতীয় স্থান অর্জন করে।
দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপসের তথ্য হালনাগাদ, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, মানসম্মত ছবি ও পর্যালোচনা প্রকাশ, প্রতিবন্ধীবান্ধব স্থান এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করার বিষয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটির কার্যক্রমে অবদানের জন্য স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হয়।
কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান বলেন, ২০১৪ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা উদ্যোগটি বর্তমানে প্রায় ১৪ হাজার সদস্যের পরিবারে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, স্থানীয় পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করবে কমিউনিটি।
২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে যাত্রা শুরু হয় সংগঠনটির। ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। এরপর ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার ৩০০তম আয়োজন উদযাপন করল সংগঠনটি।





