মিসরের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৪৫টি দেশের মোট ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন।
স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ৮০৬ জন ছাত্র ও ৩৮৪ জন ছাত্রী।
রোববার (২২ নভেম্বর) আল-আজহার সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং উল্লেখযোগ্যসংখ্যক গ্র্যাজুয়েটকে সংবর্ধনা দেওয়া হয়।
সমাবর্তন উপলক্ষে আল-আজহার কর্তৃপক্ষ ‘আমি আল-আজহার, আর এরা আমার সন্তান’ শিরোনামে কিছু ছবি প্রকাশ করে। এতে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত ও অনুষ্ঠানের প্রস্তুতির চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সম্প্রীতির বন্ধন ফুটে ওঠে।
অনুষ্ঠানে আল-আজহারের বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা সাবরি আল-সাঈদি বলেন, আল-আজহার থেকে শিক্ষাগ্রহণকারী বিদেশি গ্র্যাজুয়েটরা নিজ নিজ দেশে বিশ্ববিদ্যালয় ও মিসরের প্রকৃত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, এবারের আয়োজনটি সমাবর্তনের চতুর্থ আসর। বিদেশের মাটিতে দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও ত্যাগের মধ্য দিয়ে অর্জিত সাফল্য উদযাপনের আয়োজন এটি। ‘মিসর—কল্যাণের আলো ছড়ায়, জ্ঞানকে করে আলোকিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও মানবিক সম্প্রীতির বন্ধনে একত্র হয়েছেন।
নাহলা আল-সাঈদি আরও বলেন, বিদেশি গ্র্যাজুয়েটরা মিসর ও তাঁদের নিজ নিজ দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক ও জ্ঞানভিত্তিক সেতুবন্ধন তৈরি করেন। এ সম্পর্ক শুধু কূটনৈতিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েও তা বিস্তৃত হয়।
তিনি নিজ নিজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এসব গ্র্যাজুয়েটকে দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ দেওয়ার পাশাপাশি আল-আজহারের সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আল-জুন্দি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক এবং আল-আজহার ইনস্টিটিউট সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. আহমদ আল-শারকাওয়ি।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার জন্য মিসর সরকার, আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব, বিদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থী উন্নয়ন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহলা আল-সাঈদি।
সূত্র: Daily Bangladesh · প্রবাস





