চীন কেন জনসংখ্যা নিয়ে এই জালিয়াতি করল

মতামত

চীন কেন জনসংখ্যা নিয়ে এই জালিয়াতি করল
চীনের এক সন্তান নীতির পেছনেও ছিল অতিরঞ্জিত জনসংখ্যার পূর্বাভাস

তিন হাজার বছরের বেশি আগে চীনের শাসকেরা বুঝেছিলেন, রাষ্ট্র পরিচালনায় জনসংখ্যার সঠিক হিসাব কতটা জরুরি। পশ্চিম চৌ রাজবংশের আমলে প্রতিবছর এক বিশেষ অনুষ্ঠানে কর্মকর্তারা রাজাকে জনসংখ্যার হিসাব দিতেন। তাঁদের বিশ্বাস ছিল, একটি বিশেষ নক্ষত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ করে।

পরবর্তী সময়ে ছি রাজ্যের প্রধানমন্ত্রী গুয়ান জং বলেছিলেন, জনসংখ্যার নির্ভরযোগ্য হিসাব ছাড়া দেশ চালানো মানে নৌকা ও দাঁড় ছাড়া নদী পার হওয়া। খ্রিষ্টপূর্ব ২২১ সালে চীনকে একীভূত করে ছিন সাম্রাজ্য প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য জনসংখ্যার হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হিসাব জালিয়াতির শাস্তি ছিল রাষ্ট্রত্যাগের মতোই কঠোর।

সোভিয়েত ইউনিয়নে জনসংখ্যার হিসাব রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছিল। ১৯২৯ সালে জোসেফ স্তালিনের কৃষি সমবায় কর্মসূচির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। স্তালিন দাবি করেছিলেন, ১৯৩৩ সালে সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ। তাঁর প্রত্যাশা ছিল, ১৯৩৭ সালের আদমশুমারিতে তা ১৮ কোটিতে পৌঁছাবে। কিন্তু প্রকৃত হিসাব পাওয়া যায় ১৬ কোটি ২০ লাখ। এটিকে রাজনৈতিক বিপর্যয় মনে করেন স্তালিন।

আদমশুমারি বিভাগের প্রধান অলিম্পি কভিটকিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সরকারি পত্রিকা প্রাভদা তাঁদের বিরুদ্ধে জনসংখ্যা কম দেখানোর অভিযোগ আনে। কভিটকিনকে গুলি করে হত্যা করা হয়। আদমশুমারির ফলাফল প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। ১৯৩৯ সালের নতুন আদমশুমারিতে জনসংখ্যা দেখানো হয় ১৭ কোটি ৫ লাখ। কিন্তু অসংগতির কারণে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

রাশিয়ায় জন্মহার ষাটের দশকেই জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গিয়েছিল। জনসংখ্যাবিদ আনাতোলি বিশনেভস্কির মতে, কর্মকর্তারা নানা কৌশলে সমস্যাটি আড়াল করেন। আশির দশকে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে শুরু করলেও সোভিয়েত নেতারা তা বুঝতে পারেননি। বরং তাঁরা আফগানিস্তানের যুদ্ধসহ বিদেশে ব্যয়বহুল কর্মকাণ্ডে অর্থ ঢেলেছেন।

সোভিয়েত মডেল অনুসরণ করে চীনও পরিসংখ্যান বিকৃতির পথে হাঁটে। মাও সে-তুংয়ের গ্রেট লিপ ফরোয়ার্ড কর্মসূচির সময় স্থানীয় কর্মকর্তারা শস্য উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেখান। লক্ষ্য ছিল যুক্তরাজ্যকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়া।

দীর্ঘদিন ভুল পরিসংখ্যানের ওপর নির্ভর করার ফলে চীনা সরকারের পক্ষে সত্য স্বীকার করা কঠিন হয়ে পড়ে। এতে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো। এক সন্তান নীতির ভয়াবহ ভুলও স্বীকার করতে হতো। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও সরকারগুলো যে ভুল তথ্যের ভিত্তিতে চীন সম্পর্কে কৌশল নির্ধারণ করেছে, তা প্রকাশ পেত।

চীনের এক সন্তান নীতির পেছনে ছিল অতিরঞ্জিত জনসংখ্যার পূর্বাভাস। ১৯৭৯ সালে নীতিটি চালুর প্রস্তাব এলেও এর পক্ষে বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তখন রকেটবিজ্ঞানী ছিয়ান সুয়েসেনের শিষ্য সং জিয়ান পূর্বাভাস দেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে ২০৮০ সালে চীনের জনসংখ্যা ৪৩০ কোটিতে পৌঁছাতে পারে। এই হিসাবের ভিত্তিতেই ১৯৮০ সালে এক সন্তান নীতি চালু হয়।

১৯৯১ সালের দিকে চীনের জন্মহার প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেলেও সরকার জন্মসংক্রান্ত পরিসংখ্যান বাড়িয়ে দেখাতে থাকে। ২০০০ সালের আদমশুমারিতে এক বছরের কম বয়সী শিশুর সংখ্যা পাওয়া যায় ১ কোটি ৩৮ লাখ। অথচ সরকারি হিসাবে ওই বছর জন্ম হয়েছিল ১ কোটি ৭৭ লাখ শিশুর। ২০০২ সালে পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা লেখেন, আদমশুমারির হিসাব সঠিক হলে পরিবার পরিকল্পনা নীতির আর প্রয়োজন থাকার কথা নয়। ২০১৪ সালে চীনের জনসংখ্যা সমিতির সভাপতি ঝাই ঝেনউ দাবি করেন, দুই সন্তান নীতি চালু হলে জন্মহার ৪ দশমিক ৫-এ উঠবে এবং বছরে প্রায় পাঁচ কোটি শিশুর জন্ম হবে।

দীর্ঘদিন ভুল পরিসংখ্যানের ওপর নির্ভর করার ফলে চীনা সরকারের পক্ষে সত্য স্বীকার করা কঠিন হয়ে পড়ে। এতে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো। এক সন্তান নীতির ভয়াবহ ভুলও স্বীকার করতে হতো। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও সরকারগুলো যে ভুল তথ্যের ভিত্তিতে চীন সম্পর্কে কৌশল নির্ধারণ করেছে, তা প্রকাশ পেত।

সম্প্রতি কনটেম্পোরারি চায়না রিভিউ সাময়িকীতে প্রকাশিত আমার গবেষণায় দেখিয়েছি, চীনের সরকারি জনসংখ্যার হিসাব অন্তত ১৩ কোটি বেশি। এই অসংগতির বড় অংশ ১৯৯০ সালের পর জন্ম নেওয়া মানুষদের নিয়ে। অতিরঞ্জিত জনসংখ্যার হিসাব চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস তৈরি করেছে। এতে চীনা নেতাদের মধ্যে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে চলে আসছে বলে আত্মবিশ্বাস জন্মেছে।

চীনের অর্থনৈতিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রেও অতিরঞ্জিত মূল্যায়ন হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সংঘাত অনিবার্য—এমন ‘থুসিডাইডিস ফাঁদ’ তত্ত্ব জনপ্রিয়তা পেয়েছে। অথচ উভয় দেশের নীতিনির্ধারকেরাই চীনের জনসংখ্যাগত দুর্বলতা উপেক্ষা করেছেন। দেশটির কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। এতে অর্থনীতির গতিও দুর্বল হচ্ছে। স্বৈরশাসকেরা রাজনৈতিক স্বার্থে জনসংখ্যার প্রকৃত চিত্র আড়াল করতে পারেন। কিন্তু সেই বাস্তবতা একসময় রাষ্ট্রের জন্য বড় সংকট হয়ে দেখা দেয়।

  • ই ফুসিয়ান যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী

    স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে অনূদিত

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · মতামত