সাইবার–দুনিয়ার কাকদের তাড়ায় ইমরানের ‘কাকতাড়ুয়া’

সাইবার–দুনিয়ার কাকদের তাড়ায় ইমরানের ‘কাকতাড়ুয়া’
যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ডজয়ী আবদুল্লাহ আল ইমরান

সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে হয়রানি — ভুক্তভোগীকে সাহায্য করে পটুয়াখালীর আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’। এ কাজ করে এ বছর পেয়েছেন যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড।

ফসলের মাঠে একা ঠায় দাঁড়িয়ে দিন-রাত ফসল পাহারা দেয় কাকতাড়ুয়া। তার ভয়ে ধারেকাছে আসার সুযোগ পায় না পাখিরা। সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে হয়রানি—এসব বিষয়ে ভুক্তভোগীকে সাহায্য করে অনলাইনে সেই কাজটাই করছে পটুয়াখালীর আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’।

প্ল্যাটফর্মটি নিজেদের সীমিত সাধ্যের মধ্যে সাইবার ক্রাইমের শিকার হওয়া ব্যক্তিদের দিচ্ছে সুরক্ষা, বাতলে দিচ্ছে সমাধানের পথ। আর এ কাজ করে এ বছর যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ইমরান।

ইন্টারনেটের প্রভাব যত বেড়েছে, ঠিক সেভাবেই বেড়েছে অনলাইন হয়রানি, ব্ল্যাকমেল, ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং এবং সাইবার প্রতারণার মতো সমস্যা। কিন্তু সবাই তো আর বুলিংয়ের বিপক্ষে কথা বলতে পারেন না। কীভাবে এর সমাধান করবেন, সেটাও জানেন না। অনলাইনে মুখোমুখি হওয়া যেকোনো সমস্যায় মানুষ যাতে সরাসরি সাহায্য পান, সেটা জানানোর জন্যই কাকতাড়ুয়া।

ইমরানের জন্ম পটুয়াখালীতে আর বেড়ে ওঠা চট্টগ্রামে। সেনাবাহিনীতে কর্মরত বাবার চাকরির সুবাদে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। পরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক করেন। ছোটবেলা থেকেই তাঁর মানুষের জন্য কিছু করার ইচ্ছা। অন্তর্মুখী স্বভাবের কারণে সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে সংকোচ বোধ করতেন। সেখান থেকেই আসে অনলাইনে সাহায্য করার চিন্তা।

শুরুতে বন্ধুদের ছোটখাটো ডিজিটাল সমস্যার সমাধান করতেন। করোনাকালে সবকিছু যখন অনলাইনে চলে যায়, তখন চোখে পড়ে কীভাবে নিয়মিত সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

মিমসের মাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি, ওয়েবিনার, স্কুলে স্কুলে সেমিনারের আয়োজন করছে ‘কাকতাড়ুয়া’
মিমসের মাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি, ওয়েবিনার, স্কুলে স্কুলে সেমিনারের আয়োজন করছে ‘কাকতাড়ুয়া’

নিজে যেসব বিষয় জানেন, সেটা সবাইকে জানিয়ে সাহায্য করা শুরু করেন ইমরান। ছোট্ট একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে প্রত্যেকের সমস্যা সমাধান করা বেশ কঠিন ছিল। অনলাইনে নিগ্রহের শিকার হলে তার সমাধান করতেন হোয়াটসঅ্যাপে।

আস্তে আস্তে বুঝতে পারেন, অনেকেই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ না। বরং নিজে নিজে সমাধানের কোনো উপায় যদি থাকে, তাতে তাঁরা বেশি আগ্রহী। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেন সংকোচ ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন, সে জন্য শুরু করেন অনলাইন কোর্স। যে কেউ তাঁদের ওয়েবসাইট থেকে ফ্রিতে করতে পারবেন সেই কোর্স।

সন্দেহজনক কোনো লিংক স্ক্যাম কি না, তাঁদের ওয়েবসাইটের ফিশিং লিংক চেকার দিয়ে চেক করে নেওয়া যাবে। পাসওয়ার্ড লিক হয়েছে কি না, জানার জন্য পাসওয়ার্ড চেকার; কোনো ছবি এআই নাকি, সেটাও চেক করা সম্ভব।

ইমরান বলেন, ‘অনলাইনে কোনো সমস্যায় পড়লে সাবধানতার কথা বলেন, প্রতিকারের কথা বলেন। আমরা কিন্তু শুরু থেকেই সমাধান খুঁজতে চেয়েছি। কারণ, যে বিপদে পড়ে গেছে, তার সাবধানতার থেকে সমাধান বেশি জরুরি।’

বর্তমানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতা দিচ্ছে ‘কাকতাড়ুয়া’। মিমসের মাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি, ওয়েবিনার, স্কুলে স্কুলে সেমিনারের আয়োজন করছে তারা। আর এই উদ্যোগই তাকে এনে দিয়েছে মর্যাদাপূর্ণ ডায়ানা অ্যাওয়ার্ড।

মজার ব্যাপার হলো ১৬ জুলাই প্রথম ই–মেইলটি যখন পান, ভেবেছিলেন এটা বোধ হয় কোনো স্ক্যাম বা ফিশিং মেইল। পরে বুঝতে পারেন, ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে দেওয়া পুরস্কারটি তিনি সত্যিই পেয়েছেন। ইমরানের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য সাহায্য পাওয়া কারও মুখের হাসি কিংবা কৃতজ্ঞতার বার্তা। এগুলোই তাঁর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল