‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে?

‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।

শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি বলত না সারা জীবন যে আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।…আমরাও তো চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের চরিত্রের মধ্যে রয়েছে। তাদের মাধ্যমে এই সন্ত্রাস আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও দেখা গেছে। এই আগুন–সন্ত্রাসের সরাসরি ইন্ধনদাতা ভারত। ভারতে থেকে, তাদের ভূমি ব্যবহার করে, সেখানে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আবার সীমান্ত অতিক্রম করে চলে যায়। ভারত এ ধরনের ‘ক্রস বর্ডার টেরোরিজম’ প্রশ্রয় দিচ্ছে।

আওয়ামী লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটরে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তারা এখন নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়। সেটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেশের বাইরে পাঠায়। আওয়ামী লীগের ফয়সালা ২০২৪ সালের ৫ আগস্ট হয়ে গেছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসন দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তারই প্রমাণ বারবার দিচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, দিনশেষে তিনি আসবেন না। আর এলেও তাঁরা ‘ওয়েলকাম’ জানাবেন। বাংলাদেশের সব মানুষ গিয়ে তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে করা প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তাঁরা। তিনি বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরতকালীন ঐক্য-এভাবে ঐক্য ‘সাসটেইনেবল’ না। বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার উন্নতির জন্য সরকার যদি স্থায়ী ঐক্য চায়, তা হলে তা গণভোটের গণরায়ের ভিত্তিতে, সংস্কারের ভিত্তিতে, প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ় করার মধ্য দিয়ে হতে হবে। এভাবে ঐক্যকে সুদৃঢ় করতে হবে। তাঁরা এই বিষয়টি স্পষ্ট করেছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টই ঐক্য চূড়ান্ত হয়েছে। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তারা সেটি সারা জীবন মনে রাখবে। কিন্তু ভারত তাঁকে এখন একটা বিমান পর্যন্ত দিচ্ছে না। এক কাপড়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে শোনা গেছে। কিন্তু এ ঝামেলা কেউ মাথায় নিতে চাচ্ছে না। পাসপোর্টও নিতে পারছে না।

এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা
এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আসিফ মাহমুদ বলেন, কোনো উপায়ান্তর না পেয়ে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এনসিপির স্পষ্ট বক্তব্য, বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিচারের রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

পাঁচ দফা দাবিতে সারা দেশে এনসিপির কর্মসূচি চলমান থাকবে বলে জানান আসিফ মাহমুদ। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

এই পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে এনসিপি। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নিতে দেখা গেছে। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বেলা দুইটায় শুরু হয়। আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল প্রমুখ।

শাহ রিয়ার রিজবি – ফ্রান্স প্রতিনিধি, ঢাকা ইনফো২৪

শাহরিয়ার রিজভী (শাহ রিয়ার রিজবি, ইংরেজিতে Shahriar Rijvi) একজন বাংলাদেশি সাংবাদিক। বর্তমানে তিনি ঢাকা ইনফো২৪-এর ফ্রান্স প্রতিনিধি; ফ্রান্স ও ইউরোপের রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লেখেন।

সূত্র: প্রথম আলো · রাজনীতি