বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে
৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকার উৎস এই বিল

বিলটির সঙ্গে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার ৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা। বেশ কয়েকটি নামে পরিচিত বিলের একটি অংশের নাম বিলকুজাইন। রাজশাহী থেকে গোমস্তাপুর গিয়ে বিলটি ঘুরে এসেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ

ঘাটে ভিড়ছে মাছভর্তি নৌকা। নামানো হচ্ছে মাছের ডালি। দুজন মিলে ডালি ধরে দৌড়ে যাচ্ছেন আড়তের দিকে। আড়তদার হাঁক দিচ্ছেন, ‘খয়রা, খয়রা, খয়রা…ছোট মাছ খয়রা।’ মুহূর্তেই মৌমাছির মতো ডালিটি ঘিরে ধরছেন মানুষ। আড়তদার হাঁকছেন, ‘তিন শ বিশ, তিন শ বিশ, তিন শ বিশ…।’ এরপর দর উঠছে, ‘তিন শ তিরিশ, তিন শ তিরিশ…।’

মনে হচ্ছে, মাছের মচ্ছব বসেছে। বিলের এক প্রান্তে পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে খানিকটা জায়গা। সেখানেই বসেছে মাছের আড়ত। এই বিলের এক মাথা ভারতে, অন্য মাথা বাংলাদেশে। আশপাশের তিন-চার জেলা থেকে ব্যবসায়ীরা বাইসাইকেল, মোটরসাইকেল, ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ভোর থেকেই এখানে ভিড় জমান।

আষাঢ় থেকে শুরু করে ফাল্গুন-চৈত্র পর্যন্ত ধানের এই বিলে চলে মাছের উৎসব। স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এখানে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার চার ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামের মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই বিলের ধান ও মাছের সঙ্গে। এ যেন ধান আর মাছের এক রূপকথার বিল।

জেলের নৌকায় বিলের মাছ
জেলের নৌকায় বিলের মাছ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে অবস্থিত এই বিলের একটি অংশের নাম বিলকুজাইন। এটি সরকারি জলমহাল হিসেবে ইজারা দেওয়া হয়। তবে বিলটি বিস্তৃত হয়েছে আরও ছয়টি নামে। এগুলো হলো চনসদা, তেলকুচ, গুমরৈল, দোবলাইন্দ, রুহিমারি ও শুকডুবা। শুকনা মৌসুমে এসব অংশে বোরো ধানের চাষ হয়। বাকি সময় পানিতে ডুবে থাকে। তখন এই ধানি জমিতেই পাওয়া যায় মাছ। সে সময় ইসলামগঞ্জ খেলার মাঠে মাছের আড়ত বসে। পানি কমার সঙ্গে সঙ্গে বিলকুজাইনের খানিকটা অংশ আগে জেগে ওঠে। সেখানেই মাছের আড়ত সরে আসে। স্থানীয় লোকজনের ভাষায় এই ঘাটের নাম ‘গঞ্জের ঘাট’।

বিলের উদ্দেশ্যে ১৪ নভেম্বর সকাল সাড়ে ৬টায় রাজশাহী থেকে রওনা হই। প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা বাজারে। সেখানে নাশতা সেরে আবার ১৬ কিলোমিটার পর বিলকুজাইনের গঞ্জের ঘাটে। ঘাটের দোকানপাট ও মাছের আড়তগুলো ছোট ছোট মাটির ঘরে তৈরি। বর্ষায় পানিতে ডুবে যায় এসব ঘর। তাই প্রতিবছর নতুন করে তৈরি করতে হয়। দূর থেকে দেখলে মনে হয়, সারি সারি তাঁবু ফেলা হয়েছে।

বিলে ধরা মাছ বাজারে আনা হয়েছে
বিলে ধরা মাছ বাজারে আনা হয়েছে

ঘাটে নামতেই হাঁকডাক। বিলের পানি কমতে শুরু করেছে। মাছভর্তি নৌকাগুলো পুনর্ভবা নদী হয়ে ঘাটে ভিড়ছে। নৌকা থেকে মাছ নামানোর পর শুরু হচ্ছে বাছাই। কেউ মাছের বাক্স নিয়ে ছুটছেন, কেউ বরফের চাঁই। বিলের মাছ সংরক্ষণের জন্য এখানে গড়ে উঠেছে বরফকল। সেখান থেকে বরফ এনে মাছের বাক্সে রাখা হচ্ছে।

রোকনপুর গ্রামের আসমাউল জানালেন, মাছ ধরার কাজে তাঁর সঙ্গে আরও ২০ জন অংশীদার রয়েছেন। তাঁদের ৮টি নৌকা ও ১০০ জাল রাতে বিলে পাতা ছিল। নৌকা থেকে মাছ নামানোর পর তিনি এক নিঃশ্বাসে বলে গেলেন বিভিন্ন প্রজাতির মাছের নাম—টেংরা, পুঁটি, কাঁটাপাতাসি, গুঁচি, বোয়াল, বাইম, আইড়, গোঠি ও চিংড়ি।

ঘাটের ব্যস্ততার বাইরে বিলের আরেকটি রূপ আছে। যত দূর চোখ যায়, বিস্তীর্ণ জলরাশি। দূরে অস্পষ্ট ছবির মতো দেখা যায় কিছু গাছ। স্থানীয় বাসিন্দা রিপন আলী বললেন, ‘দূরে যা দেখছেন, সেটা ভারতের এলাকা।’

মাছের কারবার

বিলকুজাইনের মাত্র ৮৩ একর জলমহাল সরকার তিন বছরের জন্য ইজারা দেয়। এবার দর উঠেছে ১ কোটি ৩৫ লাখ টাকা। প্রতি তিন বছর পরপর প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিলটি ইজারা দেওয়া হয়। এবার ইজারা নিয়েছেন নোমান আলী।

নোমান আলীর কাছ থেকে জানা গেল, তিন বছরের জন্য একবারেই ইজারা নেওয়া হলেও মৌসুম অনুযায়ী টাকা পরিশোধ করতে হয়। প্রথম বছর ইজারা নেওয়ার সময় দিতে হয় ৪৫ লাখ টাকা। পরবর্তী দুই বছরে পর্যায়ক্রমে বাকি ৯০ লাখ টাকা পরিশোধ করতে হয়।

বিল থেকে মাছ ধরেছেন স্থানীয় একজন
বিল থেকে মাছ ধরেছেন স্থানীয় একজন

এক মৌসুমে বিলে কত টাকার মাছের কারবার হয়, জানতে চেয়েছিলাম। একজন আড়তদার এ বিষয়ে ধারণা পেতে নিয়ে গেলেন রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউসুফ আলীর কাছে। তিনি তখন একটি মাছের আড়তে বসেছিলেন। বিলের সব কটি মৌজার হিসাব ধরে বললেন, ‘বছরভেদে কমবেশি হয়। তবে এক মৌসুমেই বিলে সাত থেকে আট কোটি টাকার মাছ ধরা পড়ে।’

ইসলামপুরগঞ্জ গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বললেন, এই বিলে তাঁর ২০ বিঘা ধানী জমি রয়েছে। এই ধানেই তাঁর সংসার চলে। আর বছরের বেশির ভাগ সময়ই তাঁরা প্রতিদিন সকালে বিলের তাজা মাছ পান। এই বিলের বরকতে এখনো তাঁরা ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদটা ধরে রেখেছেন।

যেভাবে যাবেন

রাজশাহী থেকে সকাল সোয়া ৯টায় কমিউটার ট্রেনে চেপে দুই ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনে নেমে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ৬০ টাকা ভাড়ায় গোমস্তাপুর উপজেলার আড্ডায় নামতে হয়। সেখান থেকে ৫০ টাকা রিকশা ভাড়া দিয়ে অনায়াসে ১৬ কিলোমিটার দূরে গঞ্জের ঘাটে পৌঁছানো যায়। আবার একই পথে বিকেল পাঁচটার কমিউটার ধরে রাজশাহীতে ফেরা যায়। বাসেও যাতায়াত করা যায়।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল