মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ইউপির ভার-প্রাপ্ত চেয়ারম্যানসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন।
এ সময় একটি ট্রাক জব্দ করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল ইসলাম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সময় লতব্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন খাঁন খোকন ও রাজিব নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়।
এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
