ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সম্ভাব্য ব্যাপক হামলার আশঙ্কায় ইরান-এর রাজধানী তেহরান-এ রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, যা গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হবে। তবে পাল্টা সতর্কবার্তায় ইরান জানিয়েছে, তারা শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে না।
এই পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র—লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে তেহরানের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
সম্ভাব্য হামলার ঝুঁকির কারণে তেহরানের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলমান সংঘাত নিরসনে শুধু সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো যুদ্ধবিরতি চায় না, বরং মধ্যপ্রাচ্যজুড়ে একটি ‘সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি’ চায়।
কুশল/সাএ
