মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে পেরাক অঙ্গরাজ্যে এ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Bernama-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেরাকের চেমোর এলাকার কানথান শিল্পাঞ্চলে রাত ৭টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরা অংশ নেন।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম একটি কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।
এছাড়া একই মূল কোম্পানির অধীন এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।
জেমস লি জানান, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগ তাদের নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ খতিয়ে দেখবে।
তিনি আরও বলেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো।
বিদেশি শ্রমিকদের পাশাপাশি অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
