ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষতা ও মানসিক বিকাশে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার (২০তম সেশন) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী তরুণ-তরুণীরা।
জামাল পান্নার সঞ্চালনায় শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়—নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী ও বাস্তবমুখী করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
আয়োজক সূত্র জানায়, তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সার্বজনীন গ্রুপ নিয়মিত এ ধরনের সেমিনার আয়োজন করে আসছে। এবারের সেমিনারেও ছিল মোটিভেশনাল আলোচনা, মাইন্ডসেট উন্নয়ন এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে কার্যকর উপস্থাপনা। বাস্তব জীবনে এসব দক্ষতা প্রয়োগের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারের একটি আকর্ষণীয় অংশ ছিল হাতে-কলমে ব্লক বাটিক প্রিন্ট প্রদর্শনী। প্রশিক্ষক রুমা আক্তার এক রঙের কাপড়ে নান্দনিক ডিজাইন তৈরি করে দেখান, যা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার, সাংবাদিক আনোয়ার বিন খলিল ও শিউলী আক্তারসহ অনেকে।
সেমিনারে বিশেষভাবে আলোচনায় আসে নরসিংহপুর গ্রামের এক তরুণ—শুভ। পড়াশোনায় অষ্টম শ্রেণীর গণ্ডি পেরোতে না পারলেও নিজ প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন দুটি মোবাইল অ্যাপ, যা ইতোমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে শুভ জানান, করোনাকালে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়লেও সেই সময়টাকেই কাজে লাগিয়ে প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয় তার।
তিনি জানান, তার তৈরি “তরুণ হিরো (Porn Blocker Torun Hero)” অ্যাপটি প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে, যা পর্নোগ্রাফি প্রতিরোধ ও মোবাইল আসক্তি কমাতে সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি “Kids Launcher” নামে আরেকটি অ্যাপ তৈরির কাজ চলছে, যা শিশুদের নিরাপদ ও নিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারে সহায়তা করবে।
সেমিনারের শেষ পর্বে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং বাস্তবমুখী। তারা ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা জানান, আগামী সপ্তাহে এই সেশনের সমাপনী আয়োজন করা হবে। ওইদিন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা ও সনদ প্রদান করা হবে।
