বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


অক্টোবর ১, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশের কাছে রয়েছে। এসব তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়। অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর এক দিন আগে দেশের বিভিন্ন স্থানে জমি ও বাড়ি দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৩৮ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দেন। তাঁরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ওই বিবৃতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি ও সংরক্ষণ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। প্রয়োজন অনুযায়ী এসব তথ্য হালনাগাদ করা হয়। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আগেও চলেছে, এখনো চলছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ পেলে পুলিশ তা যাচাই করছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে মামলা ও গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে তুলে ধরার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি সরকারকে ঢালাওভাবে দায়ী করেন কিংবা বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজ বলে মন্তব্য করেন, তাহলে এর বিচার জনগণই করবে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি একদিকে দাবি করেছেন তার কাছে চাঁদা চাওয়া হয়নি, আবার অন্যদিকে বিএনপিকে চাঁদাবাজ বলেছেন। এ ধরনের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশের পরিস্থিতি মূল্যায়ন করা উচিত নয়। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে বিভাগীয় মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হবে না। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এদিকে মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পুলিশ ও সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, রাজউক বা সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে পুলিশের সমন্বয়ের ঘাটতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

পূজামণ্ডপে অ্যাপের মাধ্যমে নজরদারি

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের সময় ব্যবহৃত একটি অ্যাপ এবার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। কোনো অঘটন ঘটলে এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জেলা পর্যায়ে অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের সদর দপ্তরের পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায় থেকেও মণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। মণ্ডপসংলগ্ন থানাগুলোকে স্বেচ্ছাসেবকদের ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপের তথ্য পাওয়া যায়নি। তবে কোনো স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});