নওগাঁর মান্দায় সড়ক নির্মাণকাজে স্পেসিফিকেশন বহির্ভূত ডাব্লিউবিএম (WBM) এবং নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পর সরেজমিনে তদন্ত করে সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্দেশনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক থেকে নিম্নমানের খোয়া তুলে ফেলার কাজ শুরু করেছে।
আজ (৭ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে ব্যবহৃত নিম্নমানের ইটের খোয়া শ্রমিকদের মাধ্যমে তুলে ফেলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী এলজিইডির কর্মকর্তাদের উপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সড়ক থেকে এসব খোয়া অপসারণের কাজ করছেন।
এর আগে গত ৬ অক্টোবর এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের কর্মকর্তারা অভিযোগের ভিত্তিতে সড়কটি সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পর সড়কে ব্যবহৃত নিম্নমানের ইটের খোয়া অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের অগোচরে রাতের আঁধারে সড়কের ডাব্লিউবিএম কাজে স্পেসিফিকেশন বহির্ভূত ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের সমন্বয়ে সরেজমিনে রাস্তাটি তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের সামগ্রী অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা খোয়া অপসারণের কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণ নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো চূড়ান্ত বিল দেওয়া হবে না। প্রয়োজনে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।#