ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তার বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে খামেনির স্মরণে গঠিত সদর দপ্তর জানায়, সাবেক এই নেতার জানাজা ও স্মরণানুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অনুষ্ঠানসূচি ও সময় নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে যেসব জল্পনা-কল্পনা ও যাচাইবিহীন তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।
বিবৃতিতে বলা হয়, এসব গুজবের কারণে অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
কমিটির ভাষ্য অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের শ্রদ্ধা ও অঙ্গীকারের কথা বিবেচনায় রেখে আশুরার শোকপর্ব শেষ হওয়ার পর জানাজা ও দাফনের আয়োজন করা হবে। একই সঙ্গে ইরান ও মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত মহররমের কর্মসূচির প্রতিও সম্মান জানানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, শোকাহত মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানগুলোর চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র- mehrnews.