ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে নিরাপত্তা ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধনের ষড়যন্ত্রের অভিযোগে চারটি সংঘবদ্ধ চক্রের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের বাহিনী।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরজান কাউন্টিতে চলমান অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। ইরানের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনায় তারা জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কিশোর ও তরুণদের আকৃষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন নাম ব্যবহার করে চক্রগুলো সংগঠিত করা হয়েছিল। তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট দায়িত্ব ও পরিকল্পনা ছিল। দেশজুড়ে অস্থিরতার ডাক এলে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রস্তুতিও তারা নিচ্ছিল বলে দাবি করেছে গোয়েন্দা মন্ত্রণালয়।
অভিযোগ রয়েছে, সন্দেহভাজনরা সড়কে অস্থিরতা সৃষ্টি ও নাশকতার প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ পেট্রলবোমা তৈরি এবং নগর এলাকার নজরদারি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংসের জন্য সরঞ্জাম প্রস্তুত করেছিল।
বিবৃতিতে বলা হয়, জানুয়ারির শুরুতে দেশটিতে চলা অস্থিরতার সময় গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাপক সহিংসতা ও ভাঙচুরে জড়িয়েছিল। এ সময় গভর্নরেট ভবনে আগুন দেওয়া, ব্যাংক ও সরকারি কার্যালয়ে ক্ষতিসাধন, সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস, নগর নজরদারি ক্যামেরা ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত করা এবং অস্ত্র নেওয়ার উদ্দেশ্যে একটি পুলিশ স্টেশনে হামলার অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য বা স্বাধীন কোনো সূত্রের প্রতিক্রিয়া বিবৃতিতে উল্লেখ করা হয়নি।