এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল কাল, জানা যাবে ৩ পদ্ধতিতে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে আগামীকাল, ওয়েবসাইট ও এসএমএসে জানানো হবে

এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল কাল, জানা যাবে ৩ পদ্ধতিতে
এইচএসসি পরীক্ষার্থী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা তিনটায় ফল প্রকাশ করা হবে।

আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এই আবেদন করেছেন। তাঁরা ইংরেজি, আইসিটিসহ বিভিন্ন বিষয়ে উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেন।

এসব আবেদনের মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই দুটি বিষয়েই সর্বোচ্চ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলায়ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ২৪ হাজার ৮৫৮টি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রসায়নে; যেখানে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এ ছাড়া জীববিজ্ঞানে (প্রথম ও দ্বিতীয় পত্র) সমানসংখ্যক, অর্থাৎ ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক, অর্থাৎ ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এই বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক, অর্থাৎ ৩ হাজার ৮২৭টি আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · শিক্ষা