বাজিতপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হ*ত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

বাজিতপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হ*ত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ ঘরে ঢুকে করিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে উপজেলার উত্তর কৈলাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী। তার দুই ছেলে সৌদি আরবপ্রবাসী। তারা হলেন কাউসার মিয়া ও শরিফ মিয়া। তার এক মেয়ে সোহেনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ফজরের নামাজ আদায়ের পর ওজু করতে যান করিমা বেগম। এ সময় তার স্বামী নিজাম উদ্দীন কাজের উদ্দেশ্যে হাওরে চলে যান। স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পরে ঘর থেকে ৭৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয় কামাল মিয়া বিষয়টি নিহতের পুত্রবধূকে জানান। পরে তিনি ঘরে গিয়ে করিমা বেগমের মরদেহ দেখতে পান। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। নিহতের ভাসুর বাছির উদ্দিনও ঘটনার বিষয়টি জানিয়েছেন।

খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, এলাকায় মাদকের উপদ্রব বৃদ্ধির কারণে এ ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উত্তর কৈলাগ ও আশপাশের এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · দেশজুড়ে