মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া ঐশীর চলচ্চিত্রে অভিষেক হয় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘নূর’সহ কয়েকটি চলচ্চিত্রে। এবার তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে ‘সোলজার’। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। কিছু অংশের কাজ বাকি রয়েছে, যা শিগগির শুরু হওয়ার কথা। চরিত্রের প্রয়োজনে এরই মধ্যে নিজের শারীরিক প্রস্তুতিও নিচ্ছেন ঐশী। বাড়াচ্ছেন ওজন।
সিনেমাটির শুটিং প্রসঙ্গে ঐশী বলেন, ‘অনেকটা শুটিং হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে। শিগগিরই আবার শুটিং শুরু হবে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি। ওজনও বাড়াতে হচ্ছে।’
সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও জানিয়েছেন ঐশী। এর আগে শাকিবের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল না। প্রথমবার সেটে গিয়েই শুটিংয়ের অভিজ্ঞতা হয় তার। ঐশী বলেন, “এর আগে শাকিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না। প্রথম দিন সেটে গিয়ে দেখি, তিনি ‘সোলজার’ লুকে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে। এরপর সরাসরি শুটিং করি।”
সহশিল্পী হিসেবে শাকিব খানের সহযোগিতার কথাও উল্লেখ করেন ঐশী। তিনি বলেন, ‘শুটিংয়ের পর শাকিব ভাই আমার সঙ্গে কথা বলেছেন, কাজ নিয়ে পরামর্শ দিয়েছেন। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতাপরায়ণ।’
এখন পর্যন্ত শাকিব খানের সঙ্গে প্রায় ১০ দিন শুটিং করেছেন ঐশী। সেই অভিজ্ঞতা সম্পর্কে তার মন্তব্য, ‘তিনি খুব পেশাদার এবং সিনেমা নিয়ে ভীষণ মনোযোগী। সেটে থাকলে সব সময় সিনেমা নিয়েই ভাবেন। অভিজ্ঞতাটা ভালো।’
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, শাকিব খানের বড় দর্শকগোষ্ঠী এবং পরিচালকের কাজের ধরন সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা তৈরি করেছে। পাশাপাশি নিজের চরিত্রেও অভিনয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি।
ঐশী বলেন, ‘প্রত্যাশা তো আছেই। শাকিব খান দেশের বড় তারকা, তার অনেক দর্শক। পরিচালকও ভালোভাবে কাজ করছেন। আমার চরিত্রেও অভিনয়ের সুযোগ আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে। এ সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।’
অভিনয়ের প্রতি ঐশীর আগ্রহ অবশ্য নতুন নয়। ছোটবেলা থেকেই সিনেমা দেখতেন তিনি। পর্দায় অভিনেত্রীদের অভিনয় দেখে নিজের মধ্যেও অভিনয়ের স্বপ্ন তৈরি হয়। পরে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সেই স্বপ্ন আরও দৃঢ় হয়।
এখন নিজের অভিনয়জীবনে বৈচিত্র্য আনতে চান ঐশী। একই ধরনের চরিত্রে আটকে না থেকে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববেন।’ কাজের ব্যস্ততার বাইরে নিজের ও পরিবারের জন্য সময় রাখেন ঐশী। অবসর কাটে বেশির ভাগ সময় বাসাতেই।