ছবি: প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হারুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী নূর মোহাম্মদ জানান, প্রায় ৬০ শতাংশ জমিতে গড়ে তোলা তার কলাবাগানে গভীর রাতে দুর্বৃত্তরা দাঁড়ালো কিছু দিয়ে অধিকাংশ গাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে তিনি গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখেন।
তার দাবি, এটি পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তার বাগানে সাগর কলা, চাম্পাকলার গাছ ছিলো। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বাদশা বলেন।
কলাবাগানের গাছ কাটার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি তবে এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।