
এলি ওয়াহি (মাঝে)।
জার্মানির বিপক্ষে এলি ওয়াহির খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে থাকা কোত দি ভোয়ার এই ফরোয়ার্ডকে। ওয়াহির কানাডার ভিসা পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে কোত দি ভোয়ার ফুটবল ফেডারেশন (এফআইএফ)।
এর আগে তারাই জানিয়েছিল, অনুমতি না পাওয়ায় দলের সঙ্গে কানাডায় যেতে পারবেন না ওয়াহি। তবে এখন প্রয়োজনীয় সব অনুমতি পাওয়া গেছে। ফিলাডেলফিয়ায় গত রোববার একুয়েডরের বিপক্ষে কোত দি ভোয়ার ১-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওয়াহি। শনিবার টরন্টোতে জার্মানির মুখোমুখি হবে দলটি।
সংবাদমাধ্যমের খবর, লিগ আঁয় স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিশ্বকাপের আগে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াহিকে। নিসের হয়ে মেসের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পাওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ফরাসি লিগ কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে, তাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছিল যে, ‘ওয়াহির পাওয়া হলুদ কার্ড ঘিরে অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণে বাজি ধরা হয়েছিল।’ এফআইএফ জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো ‘বিচারিক বা প্রশাসনিক পদক্ষেপের’ বিষয়ে তাদের জানানো হয়নি।