বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে সুইডেন। তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে ইউরোপের দেশটি। তবে ম্যাচজুড়ে আলোচনায় ছিলেন সুইডেনের তরুণ মুসলিম মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।
ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই সুইডেনের হয়ে প্রথম গোলটি করেন আয়ারি। তবে গোল করার পর সাধারণ উদযাপনে মেতে ওঠেননি তিনি। বরং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদায় লুটিয়ে পড়েন। তার এই ব্যতিক্রমী উদযাপন দর্শকদের নজর কাড়ে।
আয়ারির জন্য ম্যাচটি ছিল বিশেষ আবেগের। কারণ তার বাবা তিউনিশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। ফলে বাবার জন্মভূমির বিপক্ষেই গোল করেন তিনি। তবে পারিবারিক সম্পর্কের কারণে প্রতিপক্ষকে সম্মান জানাতেই হয়তো গোলের পর সংযত ছিলেন এই মিডফিল্ডার।
জানা গেছে, ২০২১ সালে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন তখনকার সুইডেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় আয়ারির সঙ্গে যোগাযোগ করে জাতীয় দল পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। শুধু তিউনিশিয়াই নয়, মরক্কোয় জন্ম নেওয়া মায়ের সূত্রে মরক্কো জাতীয় দলের হয়েও খেলার সুযোগ ছিল তার সামনে।
তবে দুই দেশের প্রস্তাব থাকা সত্ত্বেও আয়ারি নিজের জন্মভূমি সুইডেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ২০২২ বিশ্বকাপের আগে তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগও ফিরিয়ে দেন তিনি। বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেই শেষ পর্যন্ত সুইডেনের প্রতিই অনুগত থাকার সিদ্ধান্ত নেন এই উদীয়মান ফুটবলার।
বিশ্বকাপের মঞ্চে বাবার দেশের বিপক্ষে গোল করে আয়ারি যেমন নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তেমনি তার সংযত উদযাপনও কুড়িয়েছে প্রশংসা।