চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়।
পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত রেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামে কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি সন্দেহজনক কালো বালতি দেখতে পান বিজিবি সদস্যরা।
বালতিতে সন্দেহজনক বস্তু রয়েছে বুঝতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। পরে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল বালতিটি তল্লাশি করে। এ সময় এর ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার করা বস্তুগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নির্মূলে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।