সম্প্রতি ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, নীল জলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। কখনো পূণ্যর সঙ্গে খেলায় মশগুল, কখনো আবার তাকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। মা-ছেলের স্বতঃস্ফূর্ত সেই মুহূর্তগুলো এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।
শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমণিকে। তবে সেসবের বাইরে সন্তানদের ঘিরেই নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন তিনি। বড় ছেলে পূণ্যর পাশাপাশি দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম ও আরেক পুত্রসন্তানকে ঘিরেই এখন তার পারিবারিক ব্যস্ততা।
অভিনয় আর তারকাখ্যাতির কারণে পরীমণি সবসময়ই আলোচনায় থাকেন। তবে পর্দার বাইরের জীবনে সন্তানদের সঙ্গে তার সম্পর্কের ছবিই বারবার সামনে আনে অন্য এক পরীমণিকে, যেখানে তারকা পরিচয়ের চেয়ে মায়ের পরিচয়টাই হয়ে ওঠে সবচেয়ে বেশি।