
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭৫ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার সংলগ্ন স্থানে অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহনের দ্বায়ে আলী সায়েদ নামক এক ব্যক্তিকে ৭৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়াও, সেখানে থাকা প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
শনিবার (২০ জুন) বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
পরবর্তীতে দারাগাঁও টি এস্টেট সংলগ্ন দারাগাঁও গ্রামে একটি ছড়া থেকে অবৈধ মেশিন ব্যবহার করে বালু উত্তোলন হচ্ছে অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। একই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছানো মাত্র দেখা যায় বালু উত্তোলনের মেশিন ও পাইপ গুছিয়ে এক ব্যক্তি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এছাড়াও মেশিন ও পাইপ পরিবহনে ব্যবহৃত টমটম গাড়ি ও আনুমানিক ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গালিব চৌধুরী জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা সর্বদা অব্যাহত থাকবে।