টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার অরনখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে।
নিহতরা হলেন, মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর হক জানান, পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।