ঢাকা, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর। গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়। অন্যদিকে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক সময়সীমার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। আসনটি শূন্য হওয়ার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]