নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের একটি অংশে ব্যাপক ফাটল ও ধস দেখা দিয়েছে। সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটারজুড়ে সড়ক দেবে যাওয়ায় ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
শনিবার (৩ অক্টোবর) সকালে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।
সরেজমিনে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল ধরেছে। কয়েকটি স্থানে পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে এসেছে। কোথাও কোথাও সড়কের অংশবিশেষ নিচের দিকে বসে গেছে। এতে ওই অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক ধসের ঘটনায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি আশপাশ থেকে মাটি কেটে নেওয়ার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা শিমুল বলেন, নির্মাণকাজ চলার সময় থেকেই সড়কের কাজের মান নিয়ে তাদের আপত্তি ছিল। কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
আরেক বাসিন্দা রাব্বানী বলেন, সড়কের দুই পাশ থেকে মাটি কেটে নেওয়ার কারণে পার্শ্বভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। যথাযথ তদন্ত হলে ধসের প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
তবে নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে যায় এবং ফাটল তৈরি হয়েছে।
তিনি আরও জানান, নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশেও প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ করা হবে।