ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মো. মামুন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা এলাকায় সম্প্রতি একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় তদন্তে নামে দক্ষিণ আইচা থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৭ সেপ্টেম্বর বাবুর হাট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া সরকারি মালামালের ঘটনায় দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেন। দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন হোসেন বলেন, মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে ছয়জন আইনজীবী উপস্থিত ছিলেন। মামুনের বাড়ি চরকলমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরুলনগর এলাকায়। তাঁর বাবার নাম হারুন সরদার। পুলিশ সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে দক্ষিণ আইচা থানা এলাকায় রাতের টহল ও পুলিশের দায়িত্ব বাড়ানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তাসহ অভিযান জোরদার করা হয়েছে।