ঢাকা: দেশে ফের একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।
হঠাৎ এই কম্পনে কিছু এলাকার মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি জুন মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ভূকম্পন হলো দেশে। এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।
এ ছাড়া গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটানে। ওই সময় দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় ধরে কম্পন অনুভূত হয়।