রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৫ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
বৃহষ্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়।
এরপর স্বাভাবিক হলে দুপুর ১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী এবং ঢাকাসহ আশপাশ এলাকা থেকে ঘরমুখী মানুষ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়ে। নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে দুপুর ১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।