ধনবাড়ীতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৩০ পিএম (ভিজিট : ০)

X
স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন
পিরিয়ডকালীন লজ্জা কাটিয়ে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭ টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩জুন) ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুুলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনীর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার, দুপুরে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুুলে মেশিনটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এসময় ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভপতি রফিকুল ইসলাম স্বপন, কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কববীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নারীদের বিশেষ সময়ে অনেকেই লজ্জায় কিছু বলতে পারেন না। এখন থেকে লজ্জা কাটিয়ে নিজেরাই নিজেদের স্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগতভাবে সামান্য টাকার বিনিময়ে মেশিনে রক্ষিত স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন। স্থাপিত মেশিনটিতে বোতাম চাপলেই প্যাড সংগ্রহ করা যাবে। এর ফলে জরুরি প্রয়োজনে ছাত্রীদের আর বাড়ি ছুটতে হবে না বা লজ্জায় ক্লাস মিস করতে হবে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, সাকনিা মেমোরিয়াল গালর্স হাই স্কুল, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়, ভাইঘাট উচ্চ বিদ্যালয়, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয় মোট ৭ টি স্কুলে এই উরাধ ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
চলমান প্রক্রিয়ায় ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী’র পরিকল্পনায় ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।