নতুন জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান নিট পেনশনের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়বে। একই সঙ্গে পেনশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর পেনশনসংক্রান্ত বিধানে বলা হয়েছে, পেনশন ও গ্র্যাচুইটি বা আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে। তবে ৩০ জুন ২০২৬ তারিখে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা যে নিট পেনশন পেতেন, তার ভিত্তিতে নতুন করে নিট পেনশন নির্ধারণ করা হবে।
নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম হলে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। এ ক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।
যাদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। এ শ্রেণির সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ। এ শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার ৬০ শতাংশ। এ শ্রেণির সর্বনিম্ন নিট পেনশন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৪০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ। এ শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।
যেসব অবসরভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান নিট পেনশনই পাবেন।
নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রচলিত বিশেষ সুবিধা বিলুপ্ত হবে।
এ ছাড়া ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কর্মরত কোনো কর্মচারী মারা গেলে প্রচলিত পারিবারিক পেনশন বিধি অনুসরণ করে তার পরিবার পেনশন, আনুতোষিক ও অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রথমে নিট পেনশন নির্ধারণ করা হবে। এরপর ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হবে।
অর্থাৎ, নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ ১ জুলাই ২০২৬ থেকেই সংশ্লিষ্ট অবসরভোগীদের পেনশন পুনর্নির্ধারণের প্রক্রিয়া কার্যকর হবে।
নতুন কাঠামোয় অবসরোত্তর ছুটি ও ছুটি নগদায়নের সুবিধাও বহাল রাখা হয়েছে। বিদ্যমান ছুটির বিধান অনুযায়ী, ছুটি পাওনা থাকা সাপেক্ষে কোনো কর্মচারী পূর্ণ গড় বেতনে ১২ মাসের অবসরোত্তর ছুটি ভোগ করতে পারবেন।
একই সঙ্গে অবসর গ্রহণকারী কর্মচারীরা ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধাও পাবেন।
পেনশন, গ্র্যাচুইটি ও সাধারণ ভবিষ্য তহবিলের বিষয়ে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ সংশ্লিষ্ট বিদ্যমান বিধান ও আদেশ অনুসরণের কথা বলা হয়েছে।