সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে সৌদি আরবে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার চাঙ্গা করতে চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। কিন্তু মধ্যপ্রাচ্যের এ শ্রমবাজার বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের পর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমে গেছে। সৌদি আরবে কর্মী পাঠানো গত ৯ মাসে কমে গেছে উল্লেখযোগ্য হারে। এ কারণে দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের মধ্যে আলোচনা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সৌদি সফরে গুরুত্ব পাবে বিষয়টি।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক গত সোমবার তার কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, সৌদির যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে মধ্যপ্রাচ্যের সরকারগুলোর ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী যদি সফরে যান, সেক্ষেত্রে আলাপ-আলোচনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের দীর্ঘদিনের শক্ত অবস্থান আরও সুসংহত হবে।