আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তাঁর উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।

তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’য় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

ছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এই নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।

চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে এ বছরে মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা আছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’।
সূত্র: প্রথম আলো · বিনোদন





