অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমণি নিজের পোস্টে প্রথমে তাকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা একজন ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির প্রশ্ন তোলেন। এরপর পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে গড়ায়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলেন পরীমণি; ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দও ব্যবহার করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির কথাও লেখেন তিনি।
গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমণির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তার দাবি, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর অপু বিশ্বাস বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু। জানান, তিনি খুব নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না; পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
গত বছরের সেপ্টেম্বরেও কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়ার পর পরীমণির একটি পোস্ট আলোচনায় আসে। সেই পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন। সেবারও তিনি অপুর নাম উল্লেখ করেননি।
সূত্র: Daily Bangladesh





