পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

উত্তর কোরিয়া পূর্ব সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে জানায়, উত্তর কোরিয়ার উনসান অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এগুলো কত দূরত্ব অতিক্রম করেছে, তা-সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে সতর্ক থাকতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সাম্প্রতিক উৎক্ষেপণসংক্রান্ত তথ্য বিনিময় করা হচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার রাখার চেষ্টা চলছে।

এদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া এমন একটি বস্তু নিক্ষেপ করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কোস্ট গার্ড জাহাজগুলোকে সম্ভাব্য পতিত বস্তুর বিষয়ে সতর্ক থাকতে এবং সেগুলোর কাছাকাছি না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগেও উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। নতুন এই উৎক্ষেপণের পর অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · আন্তর্জাতিক