থাইল্যান্ডের ব্যাংকক থেকে ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক বহনের অভিযোগে ভারতের মুম্বাইয়ে গ্রেপ্তার হয়েছেন ২৮ বছর বয়সী এক মডেল। গ্রেপ্তার হওয়া হর্ষা সানি নামের ওই মডেলের কাছ থেকে প্রায় ১১ কেজি উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করা হয়েছে।
মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ ও ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে করে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি।
বিমানবন্দরে নামার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস কর্মকর্তারা তাকে থামান। পরে ট্রলি ব্যাগ তল্লাশি করে ভেতরে ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যাতে সবুজ রঙের পদার্থ ছিল। এনডিপিস কিট দিয়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেগুলো উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা।
নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে তাকে এনডিপিস আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ১১ কেজিরও বেশি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।
জানা গেছে, হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার সাবেক একজন প্রতিযোগী। পরবর্তীতে তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদকের এই বিশাল চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোনও এলাকায় কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ