বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পর বড় স্বপ্ন কেপ ভার্দের কোচের
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম (ভিজিট : ০)

X
উরুগুয়ে ম্যাচে শেষে কেপ ভার্দের কোচ বুবিস্তা।
কেপ ভার্দের কোচ বুবিস্তা মনে করছেন, বিশ্বকাপ অভিষেকে তারা প্রমাণ করতে পেরেছেন, সফলতার স্বপ্ন অতিক্রম করে যেতে পারে আর্থিক সীমাবদ্ধতার বাধা।
স্পেনের পর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে কেপ ভার্দ। স্পেনের বিপক্ষে গোল শূন্য ড্রয়ে বিশ্ব মঞ্চে অভিষেক রাঙানোর পর ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বাংলাদেশ সময় সোমবার ভোরে উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র করেছে বুবিস্তার দল।
‘এইচ’ গ্রুপের চার দলের সামনেই আছে নক আউট পর্বে খেলার হাতছানি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে উরুগুয়ে ও কেপ ভার্দ। ১ পয়েন্ট নিয়ে চারে সৌদি আরব।
ম্যাচ শেষে সাংবাদিকদের কেপ ভার্দ কোচ বুবিস্তা বললেন, তারা কেবল নিজেদের ফুটবল নয়, জীবনের অন্য দিকও বিশ্বকাপ দিয়ে সামনে আনতে চান। “যখন আপনি মাঠে নামবেন তখন অনেক কিছু সমান হয়ে যায়। প্রতিপক্ষ যত বড়ই হোক বিশ্ব মঞ্চে বেশিরভাগ দল সমান হয়ে যায়। আমরা কেবল ফুটবল নয় এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও দেখাতে চেয়েছিলাম। দেখাতে চাই যে, আপনার চ্যালেঞ্জ অর্থনৈতিক বা অন্য যাই হোক আপনি অসাধারণ কিছু অর্জন করতে পারেন, যদি আপনার কোনো স্বপ্ন থাকে এবং সেটা পূরণ করার চেষ্টা থাকে।’
দুর্দান্ত পারফরম্যান্সের পর ৪৮ দলের বিশ্বকাপে শেষ ৩২-এ খেলার স্বপ্ন বুনছেন কেপ ভার্দ কোচ। সেরা তৃতীয় হওয়ার পথও খোলা রয়েছে তাদের জন্য। দুটি আন্তর্জাতিক পর্যায়ের দলের বিপক্ষে আমরা যা করেছি, সেটা বিবেচনায় নিয়ে আমি মনে করি, আমাদের মনোযোগ দেওয়া উচিত নক আউট পর্বে যাওয়ার দিকে। তবে আমরা জানি, এই দলগুলোর সবার সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।”
স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পরও ফুটবলারদের পা মাটিতে রেখে সৌদি আরবের বিপক্ষে পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ দিলেন কেপ ভার্দের কোচ,‘ তাদের পা অবশ্যই মাটিতে রাখতে হবে। আমরা জানি, সেটাও একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে। সৌদি আরবের সামনেও পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই এই ম্যাচগুলো খুব চ্যালেঞ্জিং হবে, তবে অবশ্যই আমাদের জেতার চেষ্টা করতে হবে।’